সিরিয়া সংকটে ইরাক নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নির্মম দমন অভিযান অব্যাহত রয়েছে। পশ্চিমা বিশ্বের পাশাপাশি আরব ও উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র এ সংকটকে কেন্দ্র করে সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ইরাক। বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক কারণে দেশটি সিরিয়া সংকটে এক রহস্যজনক অবস্থান নিয়েছে।গত কয়েক মাসের দমন অভিযানে সিরিয়ায় প্রায় দুই হাজার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। কিন্তু এ বিষয়ে ইরাকের শিয়া অনুসারী প্রধানমন্ত্রী নূরি আল মালিকি একদম চুপ থাকার নীতি গ্রহণ করেছেন।২০০৩ সালে ইরাকে হামলা চালায় ইঙ্গ-মার্কিন বাহিনী। পতন ঘটে সুন্নি অনুসারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। পরে মার্কিন-সমর্থিত নির্বাচনের মাধ্যমে ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শিয়া অনুসারী নূরি আল মালিকি। ইরাকে শিয়া-সুন্নি ও কুর্দিদের মধ্যে চরম গোষ্ঠীগত বিভেদ বিদ্যমান। এ প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকেরই ধারণা, সিরিয়ায় আসাদ সরকারের পতন ইরাকের স্থিতিশীলতাও নষ্ট করে দিতে পারে এবং সৃষ্টি করতে গোষ্ঠীগত সংঘাত।মালিকির ঘনিষ্ঠ এক শিয়া আইনপ্রণেতা বলেছেন, ‘এটা আমাদের জন্য বেশ চিন্তার বিষয়। সিরিয়ায় যা ঘটছে, তার কোনো সহজ সমাপ্তি নেই। এটা এক ভয়ংকর পরিস্থিতি, যা দেশটিতে গোষ্ঠীগত সংঘাত ছড়িয়ে পড়তে পারে।’বিশ্লেষকেরা বলছেন, নিজেরা গণতন্ত্রের আদর্শ ধারণ না করলেও অনেক আরব ও উপসাগরীয় রাষ্ট্র আসাদের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। কিন্তু এ ক্ষেত্রে ইরাকের ভূমিকা কৌশলপূর্ণ ও রহস্যময়। সিরিয়ার সহিংসতায় ইরাক কোনো বক্তব্যই দিচ্ছে না। আবার বেশ নরম সুরে সংস্কারের কথাও বলছে। বিশ্লেষকদের মতে, ইরানের চাপ ছাড়াও ইরাক তাদের শিয়া মিত্র দামেস্ককে কোনোভাবেই হারাতে চায় না। এটা আঞ্চলিক রাজনীতিরই কৌশল। তবে ইরাকের কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা গোষ্ঠীগত বিষয় বা ইরানের চাপে সিরিয়া বিষয়ে তাদের নীতিনির্ধারণ করছেন না। তবে তাঁরা স্বীকার করেছেন, সিরিয়া পরিস্থিতি তাঁদের জন্য কঠিন হয়ে উঠেছে।বাগদাদে এক পশ্চিমা রাষ্ট্রদূত বলেছেন, পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। বাশার যদি সংস্কারের রাজি হন, তা হলে ইরাক তাঁকে ক্ষমতায় রাখতে রাজি। কিন্তু এটা তারা প্রকাশ্যে বলতে পারছে না।সাদ্দাম আমলে দামেস্ক ও বাগদাদের মধ্যকার সম্পর্ক ছিল বেশ তিক্ত।যদিও আসাদ এবং সাদ্দামের বার্থ পার্টি একই ধারার এবং দুটো দলই ধর্মনিরপেক্ষ। কিন্তু ১৯৮০ সালের ইরাক-ইরান যুদ্ধের সময় আসাদের বাবা ইরানকেই সমর্থন করেন। ফলে সিরিয়ার সঙ্গে ইরাকের সম্পর্ক দ্বান্দ্বিক হয়ে ওঠে।কিন্তু সাদ্দামের পতনের পর ইরাকের সঙ্গে সিরিয়ার সম্পর্ক নতুন রূপ নেয় এবং দূরত্ব ঘোচে। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি তাঁর জোট সরকারে সিরিয়াপন্থী রাজনীতিবিদদের সমর্থন পেতে দামেস্কের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এর ফলে সিরিয়া মালিকির সরকারকে সমর্থন দেয়। দামেস্কের এ সহযোগিতায় উত্ফুল্ল হয়ে সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মালিকি ইরাক ও সিরিয়াকে ভ্রাতৃপ্রতিম দেশ বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, সিরিয়া সংকটে মালিকির নীরবতা দামেস্কের প্রতি তাঁর কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।