সিরিয়া সফরে যাচ্ছেন কফি আনান (ভিডিও)
সিরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। সিরিয়া বিষয়ে গঠিত জাতিসংঘ-আরব লিগের যৌথ পর্যবেক্ষণ কমিটির বিশেষ দূত হিসেবে তিনি এ সফরের পরিকল্পনা করছেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিব বান কি মুনের সঙ্গে এক বৈঠকে কফি আনান তাঁর সফরের পরিকল্পনার কথা জানান।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কফি আনান তাঁর এই সফরকে খুব কঠিন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সিরিয়ায় সহিংসতা ও গণহত্যা বন্ধ করে মানবিক সাহায্যের পথ সুগম করা এবং দেশটির স্থিতিশীলতা নিয়ে সিরীয়দের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করাটা কঠিন চ্যালেঞ্জের কাজ। তিনি আশা করেন, এ সফরের মাধ্যমে সিরিয়ায় রক্তপাতের অবসান ঘটবে। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাব। কী ঘটবে তা সময়ই বলে দেবে।’
রয়টার্সের ভিডিওচিত্রে দেখা যায়, গতকাল বুধবার ব্যাপক গোলাগুলির মধ্যে হোমস শহরের রাস্তায় ট্যাংক টহল দিচ্ছে। ইদলিব শহরে এক নারীর লাশ নিয়ে শত শত মানুষকে মিছিল করতেও দেখা যায়। মুলহাম আল-জুন্দি নামের সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের এক সদস্য রয়টার্সকে বলেন, ‘একটি গাড়ি থেকে আল-আসাদের পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমরা দুই-তিনজন গুলিবিদ্ধ হই। একটি গুলি আমার পা ভেদ করে বেরিয়ে যায়।’উল্লেখ্য, জাতিসংঘ বলেছে বিদ্রোহ চলাকালে সিরীয় বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার নাগরিক নিহত হয়েছে।