সিরিয়ার ওপর আরব লিগের অর্থনৈতিক অবরোধ
সিরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে আরব লিগ। এর মধ্যে আছে সিরিয়ার সম্পদ জব্দ ও বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা অবরোধ। আরব লিগ থেকে সিরিয়াকে বহিষ্কারের এক মাসেরও কম সময়ের ব্যবধানে দেশটির ওপর আজ রোববার এ অবরোধ আরোপ করা হলো।বিবিসি জানায়, আজ কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে অবরোধ আরোপের বিষয়টি অনুমোদন করেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম অভিযোগ করেছেন, সংঘাতকে ‘আন্তর্জাতিকীকরণের’ চেষ্টা করছে আরব লিগ। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই অবরোধকে ‘নজিরবিহীন’ পদক্ষেপ বলে আখ্যায়িত করা হয়।পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে হবে, নতুবা অবরোধের মুখোমুখি হতে হবে—সিরিয়াকে এই হুমকি দিয়ে গত শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আরব লিগ। কিন্তু বেঁধে দেওয়া সময়ে সিরিয়া পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গতকাল শনিবার কায়রোতে মিলিত হন লিগের মন্ত্রীরা। এর এক দিন পরই অবরোধের ঘোষণা এল।এদিকে সিরিয়ায় সংঘাত অব্যাহত রয়েছে। সিরিয়ার বিক্ষোভকারীদের অভিযোগ, দেশজুড়ে আজ অন্তত আটজন নিহত হয়েছে।