সিরিয়ার ওপর ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করছে। গতকাল সোমবার সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে। ইইউর ওই বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় অভ্যন্তরীণ নিপীড়নে ব্যবহূত হতে পারে এমন অস্ত্র ও উপকরণের চালানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।দেশটিতে গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। সরকার আন্দোলনরত জনতার ওপর ব্যাপক হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইইউর গতকালের বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ার ১৩ জন সরকারি কর্মকর্তার ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া তাঁদের সম্পদ জব্দ করবে ইইউ। সিরিয়ায় এখনো বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করেছে। এদিকে জাতিসংঘ সিরিয়া পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সাহায্য কর্মীদের সেখানকার সবচেয়ে নাজুক দেরা শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।