সিরিয়ার কাছে যুদ্ধবিমান, বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেচবে রাশিয়া
সিরিয়ার কাছে যুদ্ধবিমান, ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করার জন্য কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া। রাশিয়ার এক জ্যেষ্ঠ অস্ত্র ব্যবসায়ী গতকাল শুক্রবার এ তথ্য জানায়, যা শোনার পর সিরিয়ার শত্রু ইসরায়েল তীব্র প্রতিবাদে ফেটে পড়ে।রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি—টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান মিখাইল দমিত্রিয়েভ বলেন, রাশিয়া সিরিয়াকে মিগ-২৯ যুদ্ধবিমান, ট্রাকে স্থাপিত ভূমি থেকে আকাশে উেক্ষপণযোগ্য স্বল্প পাল্লার পান্টসির ক্ষেপণাস্ত্র, কামানসহ বিমান বিধ্বংসী সরঞ্জামাদি সরবরাহ করবে।দমিত্রিয়েভ বলেন, রাশিয়া দামাস্কাসকে ট্যাংক বিধ্বংসী অস্ত্রও সরবরাহ করবে। কিন্তু তিনি নির্দিষ্টভাবে অস্ত্রটির নাম উল্লেখ করেননি।সিরিয়ার আঞ্চলিক শত্রু ইসরায়েল এই চুক্তির প্রতিক্রিয়ায় ক্রোধ প্রকাশ করে। একই সঙ্গে সে দামাস্কাসের আর্থিক সামর্থ্যের ব্যাপারেও প্রশ্ন তোলে। নাম প্রকাশে অনিচ্ছুক জেরুজালেমে কর্মরত ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘সিরিয়া বর্তমানে এ ধরনের অত্যাধুনিক অস্ত্রের মূল্য পরিশোধ করতে অক্ষম। আমি নিশ্চিত যে নিজের দেশের জনগণের জন্য খাবার কেনার মতো যথেষ্ট অর্থও দেশটির নেই। কাজেই এ ধরনের সন্দেহজনক চুক্তির আসল কারণ কী, তা নিয়ে যে কেউ অবাক হয়ে ভাববে।’ইসরায়েলের নিকটতম বন্ধু হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গি গ্রুপগুলোকে সহযোগিতা ও দুর্নীতির অভিযোগে সিরিয়ার ওপর কয়েক দফা অবরোধ আরোপ করেছিল।চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সিরিয়া ভ্রমণ করেন, যা ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পর মস্কোর কোনো শাসকের প্রথম দামাস্কাস ভ্রমণ। মেদভেদেভ সিরিয়ায় পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনে রাশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনায় নেতৃত্ব দেন। সিরিয়া ভ্রমণকালে ফিলিস্তিনের নির্বাসিত ইসলামপন্থী হামাস নেতা খালেদ মিশালের সঙ্গে মেদভেদেভের সাক্ষাতের ব্যাপারটিও ইসরায়েলকে উদ্বিগ্ন করেছে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মেদভেদেভ হামাসের মতো একটি সন্ত্রাসবাদী সংগঠনের কোনো নেতার সঙ্গে সাক্ষাত্ করাতে ইসরায়েল খুবই অবাক হয়েছে।—রয়টার্স