সিরিয়ার গোয়েন্দা ঘাঁটিতে বিদ্রোহী সেনাদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহী সেনারা রাজধানী দামেস্কোর উপশহরে বিমানবাহিনীর একটি গোয়েন্দা ঘাঁটিতে আজ বুধবার প্রথম প্রহরে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও সরকারবিরোধীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানালেও কোনো নিরপেক্ষ সূত্র থেকে তা নিশ্চিত করা যায়নি। প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধীরা দাবি করেছে, রাজধানী দামেস্কোর উত্তর সীমান্তের হারাস্তায় অবস্থিত বিমানবাহিনীর একটি বৃহত্ গোয়েন্দা ভবনে রকেট ও মেশিনগান দিয়ে রাতভর হামলা চালিয়েছে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা। এতে ভবনটির অংশ বিশেষ ধ্বংস হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক অধিবাসী বলেছেন, ‘আমি বেশ কয়েটি বিস্ফোরণ ও মেশিনগানের শব্দ শুনেছি।’ এ ঘটনার পর সেখানকার আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত মার্চ থেকে দেশটিতে চলতে থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলনে এ হামলাকে অন্যতম তাত্পর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।এদিকে সিরিয়াকে আরব লিগ থেকে সাময়িকভাবে বহিষ্কারের পরবর্তী ঘটনাবলি ও কর্মপন্থা পর্যালোচনায় মরক্কোর রাজধানী রাবাতে আজ সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বসছে। ওই বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা জানানো হয়েছে।