সিরিয়ার ঘটনায় বান কি মুনের নিন্দা
সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর ভারী অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি এই ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও আহবান জানিয়েছেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়ার কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ে আলোচনা চলছে। নিরাপত্তা পরিষদ থেকে এ বিষয়ে আজ বুধবার গুরুত্বপূর্ণ বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে। কয়েকদিন আগে সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হলেও সদস্যরা সর্বসম্মত কোনো বিবৃতি দিতে ব্যর্থ হয়েছিলেন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকারের হত্যাযজ্ঞ পরিচালনার নিন্দা জানিয়েছে। বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে ফ্রান্স ও ইতালি ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কাছে এ আহ্বান জানিয়েছে। হত্যাযজ্ঞ বন্ধ করতে সিরিয়া সরকারকে বাধ্য করতে তারা চাপ প্রয়োগ করার অনুরোধও করেছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনা করছে। ব্রিটেন জানিয়েছে, তারা সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। সিরিয়ায় বেশ কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সরকারি সেনারা বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি করছে। এ ছাড়া সেখানে অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।