সিরিয়ার দামেস্কে জোড়া বিস্ফোরণে নিহত ৪০
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ বৃহস্পতিবার দুটি বড় ধরনের বিস্ফোরণে ৪০ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণাঞ্চলীয় একটি জেলায় আজ স্থানীয় সময় সকাল আটটার দিকে বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সামরিক গোয়েন্দা বাহিনীর কার্যালয় লক্ষ্য করে চালানো হামলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। সিরিয়ার সরকার এ ঘটনার জন্য ‘সন্ত্রাসী’ গোষ্ঠীকে দায়ী করেছে। গতকাল বুধবার সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী গাড়ির বহরে বোমা হামলার একদিন পরই দামেস্কে এ জোড়া বিস্ফোরণ ঘটল।গত বছরের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলন শুরু হয়। একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান এ আন্দোলনে ১২ হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আসাদ অনুগত বাহিনী।