সিরিয়ার নিন্দায় আরব লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারবিরোধী বেসামরিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় দেশটির সমালোচনা করে একটি জরুরি বার্তা পাঠিয়েছে আরব লিগ। গতকাল শুক্রবার এ বার্তা পাঠানো হয় বলে বিবিসি অনলাইন জানিয়েছে। আরব লিগের মন্ত্রী পর্যায়ের কমিটি একই সঙ্গে দামেস্ককে বেসামরিক লোকদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩৭ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার পরপরই আরব লিগের পক্ষ থেকে এ বিবৃতি এল। প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল নামে পরিচিত হোম ও হামা শহরে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা সিরিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।জাতিসংঘের হিসাব মতে, গত মার্চ থেকে সিরিয়ায় চলতে থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক। সিরিয়া সংকট-সংক্রান্ত আরব লিগ কমিটি তাদের বিবৃতিতে বলেছে, কাল রোববার সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে কাতারে তাদের সাক্ষাতের কথা রয়েছে। সেই আলোচনায় তারা সিরিয়া সংকটের সমাধান বের করার চেষ্টা করবে। কমিটি আরও জানায়, গত বুধবার তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেশটিতে চলমান সংকট নিয়ে খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছে।