সিরিয়ার প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা
সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকির গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে এই বোমা হামলায় হালকির কোনো ক্ষতি হয়নি বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বলা হয়েছে।সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী দামেস্কের কাছে মাজেহ জেলায় হালকির গাড়িবহর লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে হালকির একজন দেহরক্ষীসহ কয়েকজন নিহত হয়েছেন।তবে এটা আত্মঘাতী বোমা হামলা, নাকি গাড়িতে পেতে রাখা বোমা ছিল, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গাড়িবহরে বোমা হামলায় প্রধানমন্ত্রীর একজন দেহরক্ষীসহ কয়েকজন নিহত হয়েছেন।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকির একটি সাক্ষাত্কার প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, সাক্ষাত্কারটি হামলার পরই ধারণ করা হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার লোক প্রাণ হারিয়েছে। ২০১১ সালের মার্চের পর থেকে এ সংঘাত চলছে।