সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৈধতা হারিয়েছেন: হিলারি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। গতকাল সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে মার্কিন ও ফরাসি দূতাবাসে আসাদ সমর্থকদের হামলার পর হিলারি এ মন্তব্য করেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ফরাসি দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে গতকাল ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে সিরিয়ার দীর্ঘদিনের শাসক রাজনৈতিক সংস্কারে তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।গত মার্চ থেকে সিরিয়ায় রাজনৈতিক সংস্কার এবং প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছে সরকারবিরোধীরা। ব্যাপক বিক্ষোভের মুখে বাশার আল-আসাদ রাজনৈতিক সংস্কার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হিলারি ক্লিনটন বলেন, ‘আমাদের দৃষ্টিতে তিনি বৈধতা হারিয়েছেন। আসাদ তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। বরং কীভাবে নিজের দেশের নাগরিকদের দমন করা যায় সে জন্য তিনি ইরানের সহায়তা নিয়েছেন।’হিলারি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আসাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। আমরা তাঁকে ক্ষমতায় রাখতে কিছুই করছি না।’ মানবাধিকার সংগঠনগুলো বলছে, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে এক হাজার ৪০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।