সিরিয়ার বিদ্রোহী জোটকে অস্ত্র দিতে চায় ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস আজ বৃহস্পতিবার বলেন, সিরিয়ার বিদ্রোহীদের জোটকে অস্ত্র সরবরাহের ব্যাপারে তিনি ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করবেন। জার্মানির আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে ফ্রান্স সরকার। ফ্যাবিয়াস বলেন, সিরিয়ায় অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে শঙ্কা ছিল ফ্রান্সের। তবে সিরিয়ার সশস্ত্র বাহিনীর হামলায় বিভিন্ন এলাকা বিদ্রোহীদের হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, বর্তমানে সিরিয়ায় অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। তাই এ মুহূর্তে ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে কোনোভাবেই অস্ত্র সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আত্মরক্ষার্থে অস্ত্র সরবরাহের ইস্যুটি আলোচনায় উত্থাপন করা উচিত। বিবিসি জানায়, সম্প্রতি এক বৈঠকের মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীরা ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভল্যুশনারি অ্যান্ড অপোজিশন ফোর্সেস নামে নতুন জোট গঠন করে। সিরিয়ার জনগণের একাংশ ওই বিদ্রোহী জোটের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছে। ওই প্রতিনিধিরা শিগগির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসবেন। পশ্চিমা দেশগুলোর মধ্যে এ জোটকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ফ্রান্স।