সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার আহ্বান
সিরিয়ার বিরোধীদের সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রধান দেশটির বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করতে বিদেশি রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এসএনসির প্রধান আবদুল বাসেত সায়দা আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বলে আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে। সিরিয়ার জনবহুল আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সামরিক অভিযান চলতে থাকার কথা উল্লেখ করে আবদুল বাসেত সায়দা বলেন, ‘আমরা অস্ত্র চাই, যাতে ট্যাংক ও যুদ্ধবিমান থামাতে পারি।’ আরবদের ‘ভাই’ ও ‘বন্ধু’ অভিহিত করে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধা ‘ফ্রি সিরিয়ান আর্মি’কে সমর্থন দেওয়ার আহ্বান জানান এসএনসির প্রধান।আবদুল বাসেত সায়দা আরও বলেন, ‘এখানে গণহত্যা সংঘটিত হচ্ছে। এ জন্য বাশার আল আসাদকে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি একজন অপরাধী। তাঁকে আশ্রয় দেওয়া উচিত হবে না।’সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় গত শনিবার থেকে ট্যাংক ও হেলিকপ্টার গানশিপ নিয়ে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে ব্যাপক বেসামরিক লোকের প্রাণহানি হতে পারে বলে পশ্চিমা সরকারগুলো আশঙ্কা প্রকাশ করেছে। আলেপ্পোর হাজার হাজার মানুষ প্রাণভয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে।