সিরিয়ার বিদ্রোহীদের কাছে সৌদি অস্ত্র!
সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের কাছে এমন কিছু বিদেশি অস্ত্র সরবরাহ করা হয়েছে, যেগুলো সৌদি আরবে পাঠানোর কথা ছিল। বিবিসির এক খবরে আজ সোমবার বলা হয়, সৌদি আরবের নামে পাঠানো অস্ত্রগুলো সম্ভবত পথ ঘুরিয়ে বিদ্রোহীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর এক মসজিদে গত মাসে এসব অস্ত্রের তিনটি বাক্স মজুদ করে রাখা ছিল এবং এখন বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে এগুলো ব্যবহার করছে।বিবিসির এক প্রতিবেদক এসব অস্ত্রের সন্ধান পান এবং প্রতিবেদন তৈরি করেন। তবে তিনি জানতে পারেননি, অস্ত্রগুলো কীভাবে আলেপ্পোতে পৌঁছাল। সৌদি আরব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখনও কোন জবাব পায়নি বিবিসি।এদিকে আজ সকাল থেকে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে নতুন করে জোরালো বোমা হামলা শুরুর পর, সিরিয়ার বিরুদ্ধে বিশ্বব্যবস্থার পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়ার প্রতি জোরারোপ করা হয়েছে।তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল আজ বলেছেন, নিজেদের সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তুরস্ক। অস্ত্র চালান নিয়ে প্রশ্নআলেপ্পোর মসজিদে যেসব অস্ত্রের সন্ধান মিলেছে সেগুলো নির্মিত হয়েছে ইউক্রেনের অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান দাস্তানে। এ প্রতিষ্ঠানটি সাধারণত নৌবাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তৈরি করে থাকে।আলেপ্পোতে অবস্থানকারী বিবিসির প্রতিনিধি ইয়ান প্যানেল বলেন, ওসব বাক্সে কী আছে তা এখনও অজানা। তবে তিনি বলেন, এ থেকে এটি বোঝা যায় যে, প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে উপসাগরীয় অঞ্চলের কেউ কেউ যে বিদ্রোহীদের সক্রিয় সমর্থন ও সহায়তা দিচ্ছে, তা পরিষ্কার। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা যে সৌদি আরব ও কাতারের কাছ থেকে সক্রিয় সহায়তা পাচ্ছে তা নিশ্চিত করেছে বিদ্রোহীদের বিভিন্ন নেতা।এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি আজ এক ভাষণে বলেছেন, নির্বাচনে জয়লাভ করতে তিনি সিরিয়ার বিদ্রোহীদের সবকিছু দিয়ে সহায়তা করবেন।ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে গণতন্ত্র বিষয়ে আন্তর্জাতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি উপেক্ষা করে সিরিয়ার দুপক্ষের কাছে অস্ত্র সরবরাহের কারণে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘যেসব দেশ তাদের অস্ত্র সরবরাহ করছে, তাদের প্রতি আমি আরও অনুরোধ করছি এমনটি না করতে। সামরিকীকরণের ফলে পরিস্থিতি কেবল জটিলই হবে।’