সিরিয়ার বিদ্রোহীদের নতুন জোটকে প্রত্যাখ্যান করেছে ইসলামি দলগুলো
সিরিয়ার সরকারবিরোধী দলগুলোর নতুন জোটকে প্রত্যাখ্যান করেছে উগ্রপন্থী ইসলামি দলগুলো। ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, এ বিষয়ে একটি ভিডিও চিত্র ইসলামপন্থীদের একটি ওয়েবসাইটে আজ সোমবার পোস্ট করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী দলগুলো নিয়ে ১১ নভেম্বর কাতারে নতুন জোট গঠিত হয়। ধারণা করা হচ্ছে, নতুন জোটের তত্পরতা সরকারবিরোধী লড়াইয়ে ইসলামপন্থীদের প্রভাব কমাতে সাহায্য করবে। ওই চিত্রে বলা হয়েছে, আল-কায়েদা প্রভাবিত জাবাত-আল-নুসরা পশ্চিমাদের সমর্থিত নতুন জোটের সঙ্গে মিলে কোনো কাজ করতে নারাজ। সংগঠনটি এরই মধ্যে আলেপ্পো শহরকে একটি ‘ইসলামি রাষ্ট্র’ ঘোষণা করেছে। এই শহরে ইসলামি সংগঠনগুলোর বাইরে অনেক দল সরকারের বিরুদ্ধে লড়ছে।ভিডিও চিত্রটি কতটুকু সত্য, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি এমন একটি ওয়েবসাইটে পাওয়া গেছে, যেটি সাধারণত জঙ্গি দলগুলোর বার্তা প্রকাশ করে থাকে।