সিরিয়ার বিদ্রোহীরা শর্তহীন সাহায্য চায়
সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নবনির্বাচিত প্রধান জর্জ সাবরা সিরীয় সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শর্তহীন সাহায্য চেয়েছেন। তিনি দাবি করেন, সাহায্য দেওয়ার শর্তে বিরোধী জোটের নেতাদের ওপর কোনো নজরদারি করা যাবে না। বার্তা সংস্থা এপিকে দেওয়া জর্জ সাবরার সাক্ষাত্কার উদ্ধৃত করে ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে আজ শনিবার বলা হয়, বিদেশি সাহায্যদাতাদের বিষয়ে অনেক বিদ্রোহী নেতার মতো তিনিও অসন্তুষ্ট।জর্জ সাবরা বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা তাদের (আন্তর্জাতিক সম্প্রদায়) কাছ থেকে কিছুই পাইনি, শুধু কিছু বিবৃতি ও অনুপ্রেরণা ছাড়া। সেখানে আসাদ তাঁর সহযোগীদের কাছ থেকে সব ধরনের সাহায্য পেয়েছেন।’ এসএনসির নতুন নেতা নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর সাবরা একটি নতুন উদারনৈতিক বিরোধী জোট গঠনের জন্য অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু এসএনসির পুরোনো নেতারা প্রভাব হারানোর ভয়ে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনে অনিচ্ছুক।