সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
সিরিয়ায় বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে যুক্তরাজ্য, জার্মানি ও পর্তুগালের সহায়তায় ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবটির তোলে। গতকাল এ প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।সিরিয়ার বিরুদ্ধে আনা এই নিন্দা প্রস্তাবের পক্ষে নয়টি ভোট পড়ে। ব্রাজিল, ভারত, লেবানন ও দক্ষিণ আফ্রিকা ভোটদানে বিরত থাকে। এ ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ফলে নিন্দা প্রস্তাবটি নাকচ হয়ে যায়।প্রস্তাবটিতে সিরিয়ায় বেসামরিক লোকদের বিরুদ্ধে পরিচালিত সরকারি বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দার পাশাপাশি দেশটিকে সতর্ক করে বলা হয়েছিল, এই হত্যাযজ্ঞ অব্যাহত থাকলে তাদের ওপর অবরোধ আরোপ করা হতে পারে।রাশিয়া ও চীনের ভেটোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান রাইস ওয়াকআউট করেছেন।যুক্তরাষ্ট্র বলেছে, এ ঘটনা সিরিয়ার কর্তৃপক্ষকে আরও অপ্রতিরোধ্য করে তুলবে। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছেন, কারও ‘না’ ভোট তাদের থামাতে পারবে না।কয়েক মাস ধরে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসাবমতে, আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দেশটিতে সরকারবিরোধী দুই হাজার ৭০০ নিহত জন হয়েছে। পশ্চিমারা নিরাপত্তা পরিষদের মাধ্যমে সিরিয়ার প্রতি নিন্দা জানাতে চাপ দিয়ে আসছিল।