সিরিয়ার বিরোধীদের ওপর ডিম নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কো-অডিনেশন কমিটির (এনসিসি) সদস্যদের লক্ষ্য করে ডিম ছুড়েছে প্রতিবাদকারীরা। তাদের অভিযোগ এসসিসি প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি অপেক্ষাকৃত নমনীয়। মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটেছে।এনসিসির প্রতিনিধিরা আরব লিগের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য কায়রোতে গেছেন। সেখানেই প্রবাসী সিরীয়দের সমন্বয়ে গঠিত প্রেসিডেন্ট আসাদের কট্টর বিরোধীরা এ হামলা চালায়।সিরিয়ায় চলমান সহিংসতা এবং আরব লিগের উদ্যোগ বাস্তবায়নে আসাদ সরকারের ব্যর্থতা বিষয়ে এনসিসি আগামী শনিবার একটি জরুরি সভা ডেকেছে। সিরিয়ায় রক্তক্ষয়ী হামলা বন্ধ এবং সরকারের সঙ্গে আলোচনা শুরু করার জন্য হাসান আবদুল আজিমের নেতৃত্বাধীন এনসিসির প্রতিনিধিদল আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবির সঙ্গে বৈঠক করতে এখন মিসরে রয়েছেন।আসাদের কট্টর বিরোধীরা বলছে, এনসিসি তাদের প্রতিনিধিত্ব করে না। এ সময় কট্টরপন্থীরা এনসিসির প্রতিনিধিদের লাঞ্ছিত ও ডিম নিক্ষেপ করে। সিরিয়ার বর্তমান সরকারের প্রতি এনসিসির অপেক্ষাকৃত নরম দৃষ্টিভঙ্গির জন্য এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।এনসিসি বলছে, বিরোধীদের ওপর সরকার অভিযান বন্ধ করলেই তারা আলোচনার বিষয়টি বিবেচনা করবে। তবে কট্টর আসাদ-বিরোধীরা বলছে, আলোচনার সময় শেষ। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগই এখন একমাত্র পথ।বাশার আল আসাদ সরকার এক সপ্তাহ আগে আলোচনায় সম্মত থাকার কথা বললেও এখনো দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের দাবি, সিরিয়ার বিভিন্ন শহরে গতকাল বৃহস্পতিবার প্রায় ৪০ জন নিহত হয়েছে। এঁদের মধ্যে পাঁচজন সেনা সদস্য রয়েছেন।এদিকে একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, গত কয়েক দিনে কেবল হোমস শহরেই শতাধিক লোক নিহত হয়েছে।এ ছাড়া যেসব শহর থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেখানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। জাতিসংঘ বলছে, গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত দেশটিতে সাড়ে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।