যুক্তরাষ্ট্র গোপনে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোকে অর্থ সরবরাহ করেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অর্থ সরবরাহ করেছে বলে উইকিলিকসের ফাঁস করা মার্কিন এক তারবার্তায় এ কথা বলা হয়েছে। তারবার্তাটিকে উদ্ধৃত করে আজ সোমবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তারবার্তাটিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর লন্ডনভিত্তিক স্যাটেলাইট চ্যানেল বারাদা টেলিভিশনের কার্যক্রম চালানোর জন্য সিরিয়ার নির্বাসিত একটি গোষ্ঠীকে ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র সিরিয়ার ভেতরকার বিরোধীদেরও অর্থ সহায়তা করে। ২০০৯ সালের এপ্রিলে বারাদা টিভি সম্প্রচার শুরু করে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ওয়াশিংটনের সঙ্গে দামেস্কের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এরপর তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে সিরিয়ার বিরোধীদের অর্থ দেওয়া শুরু হয়। এ আর্থিক সহায়তা প্রেসিডেন্ট বারাক ওবামার সময়েও অব্যাহত থাকে। পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র এখন সিরিয়ার বিরোধীদের অর্থ দিচ্ছে কি না, তা ওই তারবার্তা থেকে স্পষ্ট জানা যায়নি। তবে এতে অন্তত ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থ সহায়তা করার ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াশিংটন পোস্ট বলছে, পররাষ্ট্র দপ্তর তারবার্তাটির সত্যতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানে দাবিতে গত মাস থেকে বিরোধীরা বিক্ষোভ করে আসছে। এতে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।