সিরিয়ার বিরোধীদের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলনরত বিরোধী জোট ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’কে সে দেশের জনগণের ‘বৈধ প্রতিনিধি’ বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা জানান। আজ বুধবার বিবিসির অনলাইনে এ কথা জানানো হয়।ওবামা বলেন, সিরিয়ার বিরোধী জোট এখন যথেষ্ট সুসংহত, চিন্তাশীল ও প্রতিনিধিত্ব করার ক্ষমতাসম্পন্ন। এ জন্য যুক্তরাষ্ট্র তাদের স্বীকৃতি দেওয়ার মতো বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। এই স্বীকৃতির ফলে সিরিয়ার বিরোধীদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মন্তব্য করেছেন ওবামা। তিনি বলেন, ‘সব দল-মতের ঊর্ধ্বে থেকে তাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে, যাতে তারা সফলভাবে রাজনৈতিক পালাবদল ঘটাতে পারে এবং তাদের অবশ্যই নারী ও ক্ষুদ্র জাতিসত্তার অধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হতে হবে।’যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এরই মধ্যে সিরিয়ার বিরোধীদের স্বীকৃতি দিয়েছে। সিরিয়া পরিস্থিতি নিয়ে আজ বুধবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র ৭০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক করার কথা। সিরিয়ায় ১৮ মাস ধরে চলা সহিংসতায় ৪০ হাজারের মতো মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার বিরোধীরা। জাতিসংঘ জানিয়েছে, সংঘর্ষের হাত থেকে বাঁচতে পাঁচ লাখের মতো মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।