সিরিয়ার বিষয়ে বিদেশিদের সিদ্ধান্ত মানবে না ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী-আকবর সালেহি বলেছেন, সিরিয়ার ব্যাপারে কোনো বিদেশি রাষ্ট্রের নেওয়া সিদ্ধান্ত মানবে না তেহরান।সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়াতে গতকাল শনিবার কাতারের দোহায় ফ্রেন্ডস অব সিরিয়া গ্রুপের বৈঠকের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। ওই বৈঠকে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র-সহায়তার বিষয়ে ১১টি দেশ একমত হয়েছে বলে আজ রোববার বার্তা সংস্থা এআইএনএসের প্রতিবেদনে জানানো হয়।সালেহি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সিরিয়ার জনগণের ওপর বিদেশিদের আরোপ করা কোনো নির্দেশনা ইরান সমর্থন করবে না।’ সালেহি জানান, সিরিয়ার বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার বিপক্ষে ইরান। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ সিরিয়ার সংকটকে আরও বাড়াবে। এতে বাড়বে অন্তর্ঘাত ও রক্তপাত।’সিরিয়ায় গত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে পরস্পরের বিরুদ্ধে অনধিকার হস্তক্ষেপের অভিযোগ করে আসছে ইরান ও পশ্চিমা বিশ্ব।সফররত লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সালেহি বলেন, সিরিয়ার জনগণ যাতে নিজেরাই নিজেদের সংকট সমাধান করতে পারে, সে জন্য আঞ্চলিক ও বহির্বিশ্বের দেশগুলোর উচিত তাদের সহায়তা করা।