সিরিয়ার মিলিশিয়াদের প্রশিক্ষণ দিচ্ছে ইরান!
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে একটি মিলিশিয়া বাহিনী গঠন ও তাদের প্রশিক্ষণে ইরান সহায়তা দিচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি দাবি করেন, সিরিয়ায় ‘শিয়া মুসলিম যোদ্ধা’ নামের একটি বেসামরিক রক্ষীবাহিনী গঠনে প্রশিক্ষণ দিচ্ছে ইরান। বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে এই বাহিনী সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়বে।ডেম্পসি বলেন, সিরিয়ার সেনারা ১৮ মাসের লড়াইয়ে এখন চাপ অনুভব করছে। তারা রসদ সরবরাহ, মানসিক পীড়নসহ নানা সমস্যায় ভুগছে। যুদ্ধ যত দীর্ঘ হবে, তাদের সামনে তত নতুন নতুন সমস্যা আসবে। এদিকে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা অভিযোগ করেন, সিরিয়ার সেনাবাহিনীকে ইরান যে সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে, এটা অনেকটা পরিষ্কার।এর আগে ইরান জানায়, সিরিয়া তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র এবং তেহরান কোনোভাবেই দেশটিকে বিপর্যস্ত হতে দেবে না। একই সঙ্গে ইরানের আপত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি থেকে সিরিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।