সিরিয়ার যুদ্ধবিরতির আশ্বাস আনানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া-বিষয়ক দূত কফি আনান বলেছেন, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি করবে বলে সিরিয়া সরকার তাঁকে আশ্বস্ত করেছে। তেহরানে সফরকালে কফি আনান আজ বুধবার এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।আনান বলেন, ‘সিরিয়া সরকার যুদ্ধবিরতিতে রাজি আছে বলে আমাকে আশ্বস্ত করেছে। যদি সবাই শান্তি প্রস্তাব মেনে চলে তাহলে কাল বৃহস্পতিবার সকাল ছয়টার মধ্যে সিরিয়ার পরিস্থিতির উন্নতি দেখতে পাব।’টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে আনান বলেন, সংকট উত্তরণে আঞ্চলিক সরকারগুলোও সিরিয়ার সঙ্গে কাজ করছে, যা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি ইরানের কথা উল্লেখ করে বলেন, এ সমস্যা সমাধানে ইরান ভূমিকা রাখতে পারে।তেহরান আনানের ছয় দফা শান্তি প্রস্তাব সমর্থন করলেও তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণের বিপক্ষে।আনানের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অধীনেই সিরিয়া সরকারকে অবশ্যই পরিবর্তনের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা, নির্বাচনের স্বাধীনতাসহ সিরীয়বাসীকে সব ধরনের অধিকার দিতে হবে। একই সঙ্গে যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপের বিরোধিতা করে ইরান। বাশার আল-আসাদ ২৭ মার্চ আনানের শান্তি প্রস্তার গ্রহণের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় ৮০০ লোক নিহত হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার ৩৮ জন নিহত হয়।রাশিয়া সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লাম আনানের কাছে সশস্ত্র বিদ্রোহীরা আর সরকারি বাহিনীর ওপর হামলা চালাবে না বলে নিশ্চয়তা দাবি করেছেন।