সিরিয়ার শরণার্থী ৭ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ
সিরিয়ায় গত দুই বছরের গৃহযুদ্ধে সাত লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হয়েছে। জাতিসংঘ আজ মঙ্গলবার জানিয়েছে, ত্রাণকর্মীদের পক্ষে এ বিপুল শরণার্থীর চাপ সহ্য করা অসম্ভব হয়ে পড়ছে।রয়টার্স জানায়, গত ১১ ডিসেম্বরে শরণার্থীর সংখ্যা পাঁচ লাখ পেরিয়ে যায়। গত সাত সপ্তাহে আরও দুই লাখ মানুষ যুদ্ধবিধ্বস্ত দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র সিবেলা উইলকস আজ রয়টার্সকে বলেছেন, সিরিয়ায় চলমান যুদ্ধের কারণে সাত লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। এর মধ্যে অনেকে ওই অঞ্চলের অন্যান্য দেশে পালিয়ে গেছে। এখন অনেক মানুষ দেশ ত্যাগ করার জন্য সিরিয়ার বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে। সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বা সীমান্ত পার হওয়ার অপেক্ষায় আছে—এমন প্রায় সাত লাখ ১২ হাজার শরণার্থীর তালিকা করেছে ইউএনএইচসিআর।সিবেলা উইলকেস বলেন, ‘আমরা সবগুলো সীমান্তে শরণার্থীদের বিরামহীন প্রবাহ লক্ষ করছি। তাদের হিসাব রাখতে আমাদের দুই পালায় কাজ করতে হচ্ছে।’জর্ডান, লেবানন, তুরস্ক, ইরাক, মিসরসহ সিরিয়ার সীমান্তবর্তী উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে বিপুলসংখ্যক শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।প্রায় দুই বছর ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে।