সিরিয়ার শহর জুড়ে লাশের দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আল-হাফি শহর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে লাশ আর লাশ। লাশের দুর্গন্ধে ভারী সেখানকার বাতাস। কোনো বাড়িই আর অক্ষত নেই। ঘরদোর পুড়ে ধূলিসাত্। গতকাল বৃহস্পতিবার শহরটিতে সফরের পর জাতিসংঘ পর্যবেক্ষক দলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের সুন্নি মুসলিমদের শহর আল-হাফিতে সম্ভাব্য হত্যাযজ্ঞের বিষয়ে তদারকির জন্য ৭ জুন থেকে সেখানে প্রবেশের চেষ্টা করছিল জাতিসংঘের পর্যবেক্ষক দল। সব শেষে গতকাল আট সদস্যের একটি পর্যবেক্ষক দল শহরে সফর করেন। তারা জানায়, ক্ষমতাসীন বাথ পার্টির সদর দপ্তরগুলোতে ভারী অস্ত্রের গোলা বর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পর্যবেক্ষকেরা প্রতিবেদনে উল্লেখ করেন, গোটা শহর লাশের গন্ধে ভারী হয়ে আছে। শহরের বিভিন্ন স্থানে এখনো সংঘর্ষ চলছে। গতকাল সিরিয়ার বিদ্রোহী সেনাদের সরিয়ে ওই শহরে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নেন বাশারের অনুগত সেনারা। সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক দলের এক বিবৃতিতে বলা হয়, ডাকঘরসহ শহরের বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানে ভেতর থেকে আগুন লাগানো হয়েছে। নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থান থেকে ভারী অস্ত্রের ধ্বংসাবশেষ ও বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের সংখ্যার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘের গাড়িবহরে ভ্রমণ করা একটি বার্তা সংস্থার প্রতিবেদক জানায়, স্থানীয় পানি বিভাগ ও আদালত বিভাগসহ পৌর শহরের বিভিন্ন ভবন ও একাধিক দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। ৫ জুন থেকে ওই এলাকায় বোমা হামলা শুরু করেন বাশারের সেনারা। একই সময় আল-হাফি শহরের উপকণ্ঠে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়।