সিরিয়ার সদস্যপদ স্থগিত করতে আরব লিগের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির পক্ষ থেকে গতকাল শুক্রবার এ আহ্বান জানানো হয় বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে।এদিকে গতকাল শুক্রবারও সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে বলে বিক্ষোভকারীরা দাবি করেছে। জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় গত মার্চ থেকে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়।সিরিয়ায় সরকারবিরোধী হত্যাযজ্ঞ বন্ধে আসাদ সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করতে আজ শনিবার মিসরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ।সিরিয়ায় চলমান সহিংসতা বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ একটি ৬৩ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে সিরিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে সিরিয়ার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানোর জন্য আরব লিগের প্রতি অনুরোধ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে এই মানবাধিকার সংস্থা।