সিরিয়ার সহিংসতা বৈশ্বিক বিপদ
সিরিয়ায় ক্রমবর্ধমান সহিংসতা একটি বৈশ্বিক বিপদ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। এই চলমান সহিংসতা বন্ধের বিষয়ে আলোচনা করতে আজ শনিবার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর রয়টার্সের। খবরে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট ভবনে বাশার আল আসাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলাপ করেন লাখদার ব্রাহিমি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরিয়ার সংকট নিয়ে আলোচনা করেছি। আমি আবারও বলছি, এই সমস্যা খুবই বিপজ্জনক। সংকট ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দেশের জনগণের জন্য, এই অঞ্চলের জন্য এবং পুরো বিশ্বের জন্য এটি এক বিপজ্জনক ইঙ্গিত।’ব্রাহিমি বলেন, ‘আমার বিশ্বাস, প্রেসিডেন্ট আসাদ এই সহিংসতায় সৃষ্ট বিপদ ও ভয়াবহতা আমার চেয়েও ভালোভাবে অনুধাবন করেন।’ আসাদ ও তাঁর কর্মকর্তারা ব্রাহিমির কর্মকাণ্ডকে সমর্থন করবেন বলেন জানান তিনি। নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক শেষে ব্রাহিমি আবার সিরিয়ায় ফিরবেন বলে আশা প্রকাশ করেন।দুই সপ্তাহ আগে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কফি আনানের স্থলাভিষিক্ত হন ব্রাহিমি। নতুন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাশার আল আসাদের সঙ্গে দেখা করলেন। এর আগে সিরিয়ার সহিংসতা বন্ধে ব্রাহিমির আবেদন সিরিয়া নাকচ করে দেয়।মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, গতকাল শুক্রবার ওই দেশে সহিংসতায় ১৬০ জন নিহত হয়। ১৮ মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে ২৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকারকর্মীরা জানান।