সিরিয়ার হোমস শহরে দমন অভিযান অব্যাহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে বিরোধীদের দমনে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। এ অভিযানে গতকাল সোমবার ৯৫ ব্যক্তি নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গতকাল সোমবার দামেস্কে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘আসাদ সরকারের সময় ফুরিয়ে আসছে। বাশার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত আমরা তাঁর ওপর চাপ বাড়াতেই থাকব।’এদিকে, সিরিয়ায় গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে প্রেসিডেন্ট আসাদের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ আজ মঙ্গলবার দামেস্ক সফরে যাচ্ছেন। সিরিয়া প্রস্তাবে ভেটো দেওয়ায় রাশিয়া ও চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েছে।বিবিসি অনলাইন জানিয়েছে, সিরিয়ার হোমস শহরে সরকার বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। হোমসের বিক্ষোভকারীরা দাবি করেছেন, বিরোধীদের লক্ষ্য করে ট্যাঙ্ক ও কামান থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। এছাড়া রকেট হামলাও চালানো হচ্ছে।গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর এত বড় অভিযান চালানো হয়নি। দেশটিতে গত প্রায় এক বছর ধরে চলতে থাকা প্রেসিডেন্টবিরোধী আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছে এই শহর। এ কারণে এখানে রক্তপাতের ঘটনাও ঘটেছে বেশি। সিরিয়ার নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির মানবাধিকার সংস্থা ও বিরোধীরা।