সিরিয়ার হোমস শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি
সিরিয়ার নিরাপত্তাবাহিনী গতকাল সোমবার রাতে হোমস শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। দেশটির একটি মানবাধিকার সংগঠন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসানের দাবিতে শহরের ক্লক চত্বরে জড়ো হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। মানবাধিকার সংস্থাটি জানায়, নিরাপত্তা বাহিনীর এক সদস্য প্রথমে লাউড স্পিকারের মাধ্যমে বিক্ষোভকারীদের ক্লক চত্বর ছাড়ার আহ্বান জানান। এর পরপরই নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। এ সময় তারা বিক্ষোভকারীদের হটিয়ে দিতে টিয়ার গ্যাসের শেলও ব্যবহার করে। এতে অন্তত একজন আহত হয়। হোমস শহরের দুজন বাসিন্দা জানান, তারা চত্বরটি থেকে গোলাগুলির আওয়াজ শুনেছেন।রাজধানী দামেস্কের উত্তরে হোমস শহরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে এক আদিবাসী নেতা নিহত হওয়ার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শনিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৭ জন নিহত হয়। সিরিয়ায় সরকারবিরোধীরা রাজনৈতিক স্বাধীনতা ও সংস্কারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে । মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সালাফিস্টরা সিরিয়ায় সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অনেক আরব সরকার সালাফিস্টদের আল-কায়েদার সহযোগী সংগঠন মনে করে।