সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর অভিযান শুরু
সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে সরকারি বাহিনী বিক্ষোভকারীদের দমনে মেশিনগানসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান শুরু করেছে। আজ শনিবার ভোরে শুরু হওয়া এ অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির মানবাধিকার কর্মীরা এ কথা জানিয়েছেন।দেশজুড়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসানের দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশের পর হোমসে আজ ভোর থেকে দমন অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গতকালের বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার শিশুসহ ৩৪ জন নিহত হয়।মানবাধিকার কর্মীরা জানান, হোমসের প্রধান আবাসিক এলাকা আল-খালিদিয়া জেলায় ভোর থেকে প্রচণ্ড শব্দে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। শহরের বাসিন্দারা বলছে, তারা মাথার ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার চক্কর দিতে দেখেছে। মানবাধিকার কর্মীরা জানান, শহরে বিদ্যুত্ সরবরাহ ও টেলিফোন লাইনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষ হোমসের স্বাধীন গণমাধ্যমগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে শহরের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। রয়টার্স।