সিরিয়ার ২৪ লাখ ই-মেইল প্রকাশ করবে উইকিলিকস
সিরিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রণালয় এবং বিভিন্ন ব্যবসায়িক সংস্থা সম্পর্কে ২৪ লাখের বেশি ই-মেইল প্রকাশ করবে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। সাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বরাত দিয়ে এ কথা বলা হয়েছে। আগামী দুই মাস ধরে ই-মেইলগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। ‘সিরিয়া ফাইলস’ নামে একটি নথি থেকে এগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের উদ্ধৃতি দিয়ে বিবিসির এক খবরে আজ বলা হয়, ই-মেইলগুলো একই সঙ্গে সিরীয় সরকার এবং বিরোধী—উভয়ের জন্যই হবে বিব্রতকর। ই-মেইলগুলোর সময় হিসাবে বলা হয়েছে ২০০৬ সালের আগস্ট থেকে ২০১২-এর মার্চ পর্যন্ত। উইকিলিকসের এক কর্মকর্তা সারাহ হ্যারিসন বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, বিদেশি বিষয়ের পাশাপাশি আর্থিক ব্যবস্থা, তথ্য, যোগাযোগ ও সংস্কৃতি-সংক্রান্ত অনেক বিষয়ই ধীরে ধীরে ইন্টারনেটে ছাড়া হবে। তিনি আরও বলেন, ২৪ লাখ ৩৪ হাজার ৮৯৯টি ই-মেইল প্রকাশ করা হবে। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি, স্পেনের পাবলিকো ডট ইএস এবং মিসরের আল-মাসরি আল-ইয়োম।