সিরিয়ায় অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র
সিরিয়ায় অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোর কারণে সিরিয়াবিষয়ক নিন্দা প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় দেশটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল রোববার সাংবাদিকদের বলেছেন, ‘সিরিয়ার বিরুদ্ধে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আমরা কাজ করব। আমাদের হাতে যে পন্থা আছে, তা ব্যবহার করব। তাদের অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে দেওয়া হবে।’সিরিয়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ও রক্তপাত বন্ধে গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরব লিগ ও ইউরোপীয় ইউনিয়ন-সমর্থিত প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দেয়। দেশ দুটির এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা।এদিকে মার্কিন ডেমোক্রেটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর জো লিবারম্যান এক ধাপ এগিয়ে সিরিয়া সংকট নিরসনে সামরিক পদক্ষেপের বিষয়ে মত দিয়েছেন। মধ্যপ্রাচ্য-বিষয়ক এক প্যানেল আলোচনায় তিনি বলেন, ‘বিশেষ করে আরব লিগের সঙ্গে আমরা কী পারি, তা ভাবা উচিত।’ তিনি বলেন, ‘আমি মনে করি, ফ্রি সিরিয়ান আর্মিকে (এফএসএ) সমর্থন করার মধ্য দিয়ে এটা শুরু করা যেতে পারে।’ সিরিয়ার বিদ্রোহী সেনাবাহিনীকে সমর্থনের মধ্যে চিকিত্সা উপকরণ ও গোয়েন্দা তথ্য সরবরাহের প্রস্তাব দিয়েছেন লিবারম্যান। তিনি বলেন, ‘তাদেরকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত।’তবে চীন ও রাশিয়ার ভেটোর পর সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিলের প্রধান বুরহান ঘালিউন একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে সামরিক সমর্থনের বিষয়ে আলোচনা পরিহার করা উচিত বলে মত দিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন, সিরিয়ার জনগণকে রক্ষার জন্য দরকার হলে অস্ত্র সহায়তার বিষয়টি ভাবা যেতে পারে। এদিকে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির কমান্ডার কর্নেল রিয়াদ আল-আসাদ বলেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোর পর প্রেসিডেন্ট আসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।’সিরিয়ার সরকারি বাহিনী গতকাল রোববার হোমস শহরে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করেছে বলে প্রত্যক্ষদর্শী ও বিরোধীরা দাবি করেছে।