জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় অস্ত্র বিক্রি করেছে ইরান। নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদন এ দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার কমিটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গতকাল শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত না করার কারণে নিরাপত্তা পরিষদ দেশটির ওপরে চার-চার দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের সহযোগী রাষ্ট্রগুলো মনে করে, পারমাণবিক অস্ত্র নির্মাণের লক্ষ্যে ইরান এ কর্মসূচি চালাচ্ছে। তবে ইরান সরকার বারবার দাবি করে আসছে, কেবল বিদ্যুত্ উত্পাদন ও ওষুধ তৈরিসহ শান্তিপূর্ণ কাজে ব্যবহূত হবে এ পারমাণবিক গবেষণা।গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান এখনো যেসব দেশে অস্ত্র রপ্তানির করছে, এর মধ্যে সিরিয়া শীর্ষে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উত্খাতে গত ১৬ মাস ধরে বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্র ও ইইউর মতো কয়েকটি দেশ বিদ্রোহীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করলেও, রাশিয়া ও ইরানের মতো কয়েকটি দেশ আসাদের সরকারকে সমর্থন করে আসছে।পশ্চিমা কূটনীতিকেরা জানান, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ায় তাঁরা আনন্দিত। তাঁরা আশঙ্কা করছিলেন, রাশিয়ার আপত্তির কারণে হয়তো প্রতিবেদনটি প্রকাশিত হবে না। গত বছর এ ধরনের আরেকটি প্রতিবেদন রাশিয়ার আপত্তির কারণে প্রকাশিত হয়নি। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা পর্যবেক্ষণ করছেন—এমন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল এই প্রতিবেদনটি তৈরি করেন। গত বছর ইরানের তিনটি অবৈধ অস্ত্র রপ্তানির ওপর তদন্ত করেন তাঁরা। প্রতিবেদনে বলা হয়, ‘অবৈধ অস্ত্র রপ্তানি করে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেছে।’ আরও বলা হয়, ‘তদন্ত দল নিশ্চিত হয়েছে যে এসব অস্ত্রের মধ্যে দুটি চালান গেছে সিরিয়ায়।’যুক্তরাজ্যের গোয়েন্দাদের দাবি অনুযায়ী, তৃতীয় চালানটি গেছে আফগানিস্তানের তালিবানদের হাতে। এতে বেশ কিছু ছোটখাটো ক্ষেপণাস্ত্র ছিল।