সিরিয়ায় আজ গণভোট
চলমান সহিংসতা, সংঘর্ষ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও নতুন একটি সংবিধান প্রণয়নের লক্ষ্যে সিরিয়ায় আজ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বিরোধী দল ওই গণভোট প্রত্যাখ্যান করেছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিরিয়ার সরকার নতুন একটি সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে। এদিকে বিরোধী দল আজ রোববারের গণভোটকে প্রহসন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছে। গতকাল শনিবারও সিরিয়ার বিভিন্ন স্থানে সহিংসতায় ৮০ জনেরও বেশি নিহত হয়। আর এমন পরিস্থিতিতে আজ দেশটি গণভোটের আয়োজন করছে। ইতিমধ্যে সরকার এক কোটি ৪৬ লাখ ভোটারের জন্য ১৩ হাজারের বেশি নির্বাচনী স্টেশন স্থাপন করেছে। প্রেসিডেন্ট আসাদের বাথ পার্টির বিপরীতে সব বিরোধী দলের অংশগ্রহণে নির্বাচন নিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে জনগণকে ভোট প্রদানের বিষয়ে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ গতকাল শনিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ইঙ্গিত করে বলেন, ‘এক দিকে আপনি গণভোট আয়োজনের কথা বলছেন, অন্য দিকে সাধারণ মানুষের ওপর ট্যাংক নিয়ে হামলা চালাচ্ছেন।’ যুক্তরাষ্ট্রও এই গণভোটকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে।