সিরিয়ায় আনান প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘ-আরব লিগের সিরিয়া-বিষয়ক প্রতিনিধি কফি আনান প্রস্তাবিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে দেশটির সরকার বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে, সিরিয়া কর্তৃপক্ষের দিক থেকে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সে ব্যাপারে সন্দিহান পশ্চিমা দেশগুলো। বিবিসি অনলাইন ও ওয়ার্ল্ড নিউজ এ খবর প্রকাশ করেছে। কফি আনানের মুখপাত্র আহমেদ ফৌজি জানান, আজ ভোর ছয়টার মধ্যে সিরিয়ার বিভিন্ন শহর থেকে সব সরকারি সেনা প্রত্যাহারের ব্যাপারে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করেছেন কফি আনান। তবে, লিখিত ওই বক্তব্যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যেকোনো হামলার বিপরীতে জবাব দেওয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে জানানো হয়েছে। এদিকে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠীও বলছে, তারাও সরকারি বাহিনীর কোনো আক্রমণের বিরুদ্ধে চুপ থাকবে না। লন্ডনভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান হিউম্যান রাইটস অবজারভেটরির চেয়ারম্যান রামি আবদেল রাহমান একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘যুদ্ধবিরতির চূড়ান্ত সময়সীমার পর আরও এক ঘণ্টা পেরিয়ে গেছে। সিরিয়ার সব অঞ্চলের পরিস্থিতি বেশ শান্ত আছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এসব সত্ত্বেও সিরিয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন সম্পর্কে সন্দেহ পোষণ করছে যুক্তরাষ্ট্র। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টেলিফোনে আনানের এই শান্তি প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, সিরিয়ায় গত বছরের মার্চ থেকে চলমান আসাদবিরোধী বিক্ষোভে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে।