সিরিয়ায় আবারও গণহত্যার অভিযোগ
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি উপশহরে গণহত্যার অভিযোগ উঠেছে। সেখানে সরকারি বাহিনী দুই শতাধিক বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি বিরোধীদের। আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। দেশটির সরকারবিরোধীরা গতকাল শনিবার দাবি করেছে, দামেস্কের সুন্নি মুসলিম অধ্যুষিত দারায়া উপশহর পুনর্দখলের পর সেখানকার বিভিন্ন বাড়িতে সরকারি বাহিনী অভিযান চালায়। ওই এলাকার বিভিন্ন বাড়ি ও ভবনের ভূগর্ভস্থ অংশে প্রায় দুই শতাধিক লাশ পাওয়া গেছে। সরকারি সেনারাই এদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। এদিকে সরকারবিরোধীদের সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটিস (এলসিসি) দাবি করেছে, গতকাল সিরিয়াজুড়ে সহিংসতায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে। বিশেষ করে দামেস্ক ও এর আশপাশের এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটেছে। আলেপ্পো, ইদলিব, দেরা, হামা ও হোমস প্রদেশেও প্রাণহানির খবর পাওয়া গেছে। সিরিয়ায় দেড় বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ সময়ে সরকার ও বিরোধীদের মধ্যে সহিংসতায় ২৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। চলমান সহিংসতায় দেশটি থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে।