সিরিয়ায় ইন্টারনেট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় তিন দিন পর গতকাল শনিবার ইন্টারনেট ও টেলিফোন-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইন্টারনেট ও টেলিফোন-সংযোগ না থাকায় পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সিরিয়া। তবে গতকাল রাজধানী দামেস্কসহ সিরিয়ার অধিকাংশ এলাকায় ইন্টারনেট-সংযোগ ফিরে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যাপী অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা রেনেসাঁ জানিয়েছে, সিরিয়ার অধিকাংশ এলাকায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা এ ঘটনার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছেন। বিরোধীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে এর আগেও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল আসাদ সরকার। তবে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ইন্টারনেট ও টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন করার দায় সন্ত্রাসীদের ওপর চাপানো হয়েছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী গতকাল রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে অবিরাম গোলাবর্ষণ করেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিদ্রোহীরাও পাল্টা জবাব দিচ্ছেন বলে জানা গেছে।