সিরিয়ায় এক দিনে নিহত ১২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় নতুন করে সংঘর্ষে গতকাল সোমবার ১২৫ ব্যক্তি নিহত হয়েছে। দেশের অধিকাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দেওয়ার খবর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সরকারবিরোধী পক্ষ এ দাবি করেছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।অবরুদ্ধ হোমস শহরের রাম আল ইনজ ও গাজারিয়েহ গ্রামের মধ্যবর্তী একটি গ্রাম থেকে গতকাল কমপক্ষে ৬৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের অধিকাংশই বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোমস শহরের বাব আমর এলাকার বাসিন্দা। এই গ্রামের পার্শ্ববর্তী এলাকার একজন বাসিন্দা আবু বকরের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, বাব আমরে বসবাসকারী পরিবারগুলোকে গতকাল রাতে একটি চেক পয়েন্টে আটকানো হয়। তাঁদের মধ্য থেকে ৬২ জনকে অপহরণ করা হয়। আজ সকালে আসাদপন্থীদের এলাকা থেকে ওই ৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, শহরে পৃথক একটি ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঐক্যবদ্ধ বিরোধীদের জোট লোকাল কো- অর্ডিনেশন কমিটিস (এলসিসি) এই খবর নিশ্চিত করেছে। তারা আরও জানায়, গতকাল দেশের বিভিন্ন এলাকায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এলেপ্পো উপশহরে নয়জন, ইদলিব এলাকায় ১৫ জন, হামা উপশহরে চারজন, দামেস্ক উপশহরে একজন, হাসাকিতে একজন, আল-রাকাতে একজন এবং দিরাতে একজনের মৃত্যু হয়েছে।