সিরিয়ায় এক দিনে নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান সহিংসতায় গতকাল শনিবার কমপক্ষে ২৩ ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, মানবাধিকার গোষ্ঠী ও আন্দোলনকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।শনিবার ২৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনাসহ দেশটিতে গত মার্চ থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলনে এ পর্যন্ত চার হাজার ৬০০ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে।গতকাল শনিবার রাতে এক সহিংসতায় তুরস্ক সীমান্তের কাছের শহর ইদলিবে তিন ঘণ্টায় নিহত হয়েছে ১৫ জন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য, পাঁচ বিদ্রোহী সেনা এবং তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। একই শহরে এক ব্যক্তি কারা হেফাজতে নিহত হয়েছে।বিক্ষুব্ধ হোমস প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আরিহা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে, আসাদ সরকার প্রায় ১৪ হাজার বিক্ষোভকারীকে কারাগারে আটক করে রেখেছে এবং পদ্ধতিগতভাবে তারা বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন করছে।সিরিয়া সরকার দাবি করেছে, গত মার্চ থেকে শুরু হওয়া বিদেশি শক্তি-সমর্থিত সন্ত্রাসী কার্যক্রমে দেশটির এক হাজার ১০০ সেনা নিহত হয়েছে। এদিকে আরব লীগ আজ রোববার পর্যন্ত সিরিয়াকে দমন অভিযান বন্ধ করে শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য সময় বেঁধে দিয়েছে। এর আগে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার এবং দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।