সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে: জাতিসংঘ
সিরিয়া এখন একটি গৃহযুদ্ধ-কবলিত রাষ্ট্র। দেশটির সরকার সেখানকার অধিকাংশ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান হার্ভে ল্যাডসাস সিরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এ কথা বলেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হার্ভে ল্যাডসাস বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, আমরা তা বলতে পারি।’ জাতিসংঘের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা এই প্রথম সিরিয়া-পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করলেন।হার্ভে ল্যাডসাস বলেন, ‘সিরিয়ার সরকার দেশটির অধিকাংশ শহরের ওপর তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। বেশ কিছু শহর বিরোধীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সরকার তা পুনরুদ্ধার করতে চাইছে।’জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মুখপাত্র কাইরান দাওয়ারের ভাষ্য, পাঁচ দিনের ঘটনার ওপর ভিত্তি করে ল্যাডসাস এ মন্তব্য করেছেন।সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে কাইরান দাওয়ার বলেন, ‘গত পাঁচ দিনে আমরা ব্যাপক সামরিক সংঘাত লক্ষ করছি। সেখানে উভয় পক্ষের কারণে বিপুলসংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি ঘটছে।’এদিকে সিরিয়ার হোমসে গতকালও সরকারি বাহিনী কর্তৃক নতুন করে হামলা চালিয়েছে। এ ছাড়া দেশটির অন্যান্য শহরে ব্যাপক যুদ্ধের খবর পাওয়া গেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, সিরিয়ার সরকারকে সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপ সিরিয়ার সংঘাতকে আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি।১৫ মাসের বেশি সময় ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। বিক্ষোভ দমনে আসাদের অনুগত সেনাদের অভিযানে নয় হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়।