সিরিয়ায় গৃহযুদ্ধে ৯৩ হাজার মানুষ নিহত
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস শেষে সিরিয়ার গৃহযুদ্ধে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯৩ হাজারে। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলেও মনে করছে সংস্থাটি।আল জাজিরার খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত হিসাবে গৃহযুদ্ধে ৯২ হাজার ৯০১ জন মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়। এ সংখ্যা জাতিসংঘ কর্তৃক জানুয়ারি মাসে প্রকাশিত হিসাবের (৫৯ হাজার) চেয়ে অনেক বেশি।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই বলেন, ‘ধারাবাহিকভাবে হত্যা ব্যাপক হারে বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘এটি ন্যূনতম নিহতের সংখ্যা। প্রকৃত নিহতের হার এর চেয়ে অনেক বেশি হতে পারে।’জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ হিসাবে বলা হয়, গত বছরের জুলাই থেকে প্রতি মাসে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর নভেম্বর থেকে দামেস্কর গ্রামাঞ্চলে এবং আলেপ্পোতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।নিহত লোকজনের মধ্যে কমপক্ষে ছয় হাজার ৫৬১ জন শিশু। তাদের মধ্যে এক হাজার ৭২৯ জনের বয়স ১০ বছরের কম।আল জাজিরা জানায়, সিরিয়ার খুব বেশি স্থানে জাতিসংঘের প্রবেশাধিকার নেই। সংস্থাটি জরিপের মাধ্যমে নিহতের ওই সংখ্যা প্রকাশ করেছে।