সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা
সিরিয়ার বিদ্রোহী সেনাসদস্যরা সরকার-সমর্থক সেনাদের ওপর হামলা শুরু করেছে, যা সরকারবিরোধীদের আন্দোলনের পালে বাতাস দিচ্ছে। এর ফলে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং যার পরিণতি গোটা অঞ্চলের জন্য হবে ভয়াবহ। খবর রয়টার্সের।সিরিয়ার সেনাবাহিনীতে ভাঙন ধরায় দেশটিতে বিপদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। আবার সেনাবাহিনীর ক্ষুব্ধ অংশের কোনো কিছু পরিষ্কার নয়। ফলে সব যেন তালগোল পেকে গেছে। লন্ডনকেন্দ্রিক মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক জুলিয়েন বারনেস ড্যাসি বলেন, সিরিয়ার শান্তিপূর্ণ সরকারবিরোধী আন্দোলন আসাদ প্রশাসনের নৃশংসতার মুখে খেই হারিয়ে ফেলে। এখন বিরোধী সেনারা অস্ত্র হাতে তুলে নেওয়ায় এটাই আসাদ সরকারের পতনের একমাত্র পথ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাদের মধ্যে এই বিভক্তি কতটা ব্যাপক হবে।তবে বেশির ভাগই বিশ্বাস করেন, এটা তেমন কিছু হবে না। কারণ, সিরিয়ার সেনাবাহিনী আগে থেকেই জাতপাতের ভিত্তিতে বিভক্ত এবং বড় অংশই আসাদের অনুগত। ফলে কোনো পক্ষের জয়ের সম্ভাবনা কম। বরং তাতে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা থেকে যায়।মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক বিশেষজ্ঞ অ্যান্থনি স্কিনের বলছেন, আসাদ সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এতে রক্তক্ষয়ই বাড়বে। ফলে সিরিয়ায় গৃহযুদ্ধের ঝুঁকি ক্রমেই বাড়ছে।