সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, সিরিয়ায় বাশার আল আসাদবিরোধী আন্দোলনে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে সেখানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, সিরিয়ায় ব্যাপক প্রাণহানিতে নাভি পিল্লাই তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সিরিয়ার মানুষকে রক্ষার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন।নাভি পিল্লাই বলেন, ‘সেখানকার সহিংসতা পুরোপুরি গৃহযুদ্ধে পরিণত হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সামগ্রিক ও জরুরি ভিত্তিতে রক্ষামূলক পদক্ষেপ নিতে হবে।’বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ায় গত মার্চ মাসে সহিংসতা শুরু হওয়ার পর প্রাণহানি তিন হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কমপক্ষে ১৮৭টি শিশুও রয়েছে। এ ছাড়া গত ১০ দিনে শতাধিক লোক নিহত হয়েছে।’নাভি পিল্লাই উল্লেখ করেন, ‘সেখানে হাজার হাজার লোককে গ্রেপ্তার, আটক, গুম ও নির্যাতন করা হচ্ছে। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত পরিবারগুলো হয়রানি ও হুমকির শিকার হচ্ছে।’নাভি পিল্লাই তাঁর বিবৃতিতে বলেন, ‘অনেক সেনাসদস্যই বেসামরিক লোকজনের ওপর হামলা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং সরকারপক্ষ ত্যাগ করেছে। বিদ্যমান সংকট এরই মধ্যে সশস্ত্র যুদ্ধে রূপ নেওয়ার মতো উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশটির সরকার তাদের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তা ছাড়া আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য বিশ্ব নেতাদের আহ্বানকেও তাঁরা অবজ্ঞা করছে।’গতকাল শুক্রবারও দেশটিতে নয়জন ব্যক্তি নিহত হয়েছেন বলে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।