সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশন আজ শুক্রবার এক বিবৃতিতে সিরিয়ার জনগণকে রক্ষার জন্য বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি দেশটিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, এ আশঙ্কায় জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার নেভি পিল্লাই আজ এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান।মার্চ থেকে শুরু হওয়া সিরিয়ার বিক্ষোভে এ পর্যন্ত শিশুসহ চার হাজারেও বেশি লোককে হত্যা করা হয়েছে। এ ছাড়া ১৪ হাজারের বেশি বিক্ষোভকারীকে কারাগারে আটকে রাখা হয়েছে। মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের করা এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য দেন নেভি পিল্লাই।এ পরিস্থিতিতে সিরিয়ার সংকট ভয়াবহ গৃহযুদ্ধ দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হয় ওই জরুরি বৈঠকে। এ জন্য বিশ্বের দেশগুলোকে যত দ্রুত সম্ভব এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সে সঙ্গে সিরিয়ার সামরিক বাহিনীর হত্যা, দমন-নিপীড়নসহ সব ধরনের মানবাধিকার-বিরোধী কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।বৈঠকে সিদ্ধান্ত হয় জাতিসংঘের করা ওই তদন্ত প্রতিবেদনটি বান কি মুনের কাছে পাঠানো হবে। এর ফলে সিরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের সব সদস্যভুক্ত দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।এদিকে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার দূত ফয়সাল খাব্বাজ বলেছেন, সিরিয়ার সমস্যা সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ সিরিয়ার সংকট আরও বাড়িয়ে তুলবে। রয়টার্স।