সিরিয়ায় চতুর্থ দিনের মতো হামলা চালিয়েছে তুরস্ক
সিরিয়া থেকে ছোড়া একটি মর্টারের জবাবে আজ শনিবার তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোগান গতকাল শুক্রবার দামেস্কের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, সিরিয়া চাইলে তুরস্ক যুদ্ধ করতে ভয় পাবে না।রয়টার্সের খবরে আজ বলা হয়, সিরীয় সেনাদের মর্টার ও বোমা হামলায় গত বুধবার পাঁচজন তুর্কি সেনা নিহত হওয়ার পর আজ চতুর্থ দিনের মতো সিরিয়ায় হামলা চালাল তুরস্ক।তুরস্কের খবরে বলা হয়, তুরস্কের হাতাই প্রদেশের গুভেচ্চি গ্রামে সিরীয় সেনাদের ছোড়া মর্টার এসে পড়ার সঙ্গে সঙ্গে তুরস্কের সেনারা পাল্টা বোমা ছুড়ে জবাব দেয়। এক তুর্কি সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার ইদলিব প্রদেশে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার লড়াই চলার সময় সিরীয় সেনাদের মর্টার তুরস্কের সীমানায় ঢুকে পড়ে।তবে তুরস্কের হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন মারা গেছে, তা এখনো জানা যায়নি।গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। তবে, গত সপ্তাহে তুরস্কের সঙ্গে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষ সিরিয়ার সরকারকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে একসময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বেশ সখ্য ছিল। কিন্তু, গৃহযুদ্ধ শুরু হওয়ায় তুরস্ক সিরিয়াবিরোধী অবস্থান নেয়। জাতিসংঘের হিসাব বলছে, সিরিয়ায় গৃহযুদ্ধে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৩০ হাজার মানুষ।গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় এক লাখ সিরীয় তুরস্কের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে এবং বিদ্রোহীরা তুরস্কের অভ্যন্তরে আশ্রয় পেয়েছে। তুরস্ক সিরীয় সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছে। রয়টাসের্র প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়ালে সিরিয়া নিজের জন্য বিপদ ডেকে আনবে। কারণ, সিরিয়ার তুলনায় তুরস্কের সেনাবাহিনী আকারে যেমন বড়, ক্ষমতায় তেমনি শক্তিশালী।গত শুক্রবার এরদোগান বলেছিলেন, তাঁর দেশ সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তবে সিরিয়া যেন ‘সংশোধনের অযোগ্য কোনো ভুল’ না করে, সে বিষয়েও সাবধান করেন তিনি। এর জবাবে দামেস্ক বলেছে, তুরস্কে হামলা অনিচ্ছাকৃত।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলা গত শনিবার বলেন, সিরিয়ায় হামলার অনুমোদন দিয়ে তুরস্কের পার্লামেন্টে যে প্রস্তাব পাস হয়েছে, এর মধ্য দিয়ে তুরস্ক তার সংযমের পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, ‘এ প্রস্তাবের মধ্য দিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি নিইনি। সিরিয়ার প্রশাসনকে আমাদের ধৈর্য দেখিয়েছি। যুদ্ধ এড়াতেই আমাদের এই হুঁশিয়ারি।’ সিরিয়ার মর্টার হামলার জবাবে তুরস্ক গত বুধ ও বৃহস্পতিবার যে হামলা চালায়, তাতে বেশ কিছু সিরীয় সেনা মারা যান। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার হামলার নিন্দা জানানো হলেও, তুরস্কের হামলার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।