সিরিয়ায় জাতিসংঘের নতুন দূত লাখদার ব্রাহিমি
আলজেরিয়ার প্রখ্যাত কূটনীতিক লাখদার ব্রাহিমিকে সিরিয়াবিষয়ক আন্তর্জাতিক দূত নিয়োগের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তিনি সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূতের দায়িত্ব পালনকারী কফি আনানের স্থলাভিষিক্ত হবেন।ব্রাহিমিকে গত শুক্রবার বিশেষ দূত নিয়োগের ঘোষণা দিয়ে তাঁকে ‘জোরালো, সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ’ সমর্থন দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।সিরীয় সংকট সমাধানে ‘ব্যর্থতা স্বীকার করে’ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সম্প্রতি বিশেষ দূতের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। চলতি মাসের শেষে তিনি তাঁর দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানা গেছে।৭৮ বছর বয়সী অভিজ্ঞ কূটনীতিক লাখদার ব্রাহিমির বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতে মীমাংসায় মধ্যস্থতা করেছেন। এর আগে তিনি আফগানিস্তানে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইরাকে মার্কিন আগ্রাসনের পর সেখানেও জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আরব লীগের প্রতিনিধি হিসেবে ১৯৮০ সালে লেবাননের গৃহযুদ্ধ অবসানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।জাতিসংঘের কূটনীতিকেরা জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্যই লাখদার ব্রাহিমির নিয়োগ সমর্থন করেছে।ব্রাহিমিকে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন।