সিরিয়ায় জাতিসংঘের নিন্দা সত্ত্বেও হত্যাযজ্ঞ অব্যাহত
সিরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার হামা শহরে কমপক্ষে ৪৫ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক কর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল বুধবার সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর অভিযানে নতুন এই প্রাণহানির খবরের সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। কেননা, কর্তৃপক্ষ সে দেশ থেকে সব বিদেশি সংবাদকর্মীদের বের করে দিয়েছে। তিন দিনের চরম মতপার্থক্যের পর গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানাতে সম্মত হয়। তবে একমাত্র লেবানন এ নিন্দা প্রস্তাবের বিরোধিতা করে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি ও ভারতের রাষ্ট্রদূত হারদিপ সিং পুরি নিন্দা প্রস্তাবটি পড়ে শোনান। তিনি বলেন, মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন এবং বেসামরিক লোকদের বিরুদ্ধে সিরিয়ার কর্তৃপক্ষের শক্তি প্রয়োগের নিন্দা জানাচ্ছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদ সিরিয়ার কর্তৃপক্ষকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনে মেনে চলারও আহ্বান জানিয়েছে।এ ছাড়া সিরিয়ায় সব ধরনের সহিংসতা দ্রুত বন্ধ এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।