সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন সমাপ্ত ঘোষণা
সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মিশনের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে এ ঘোষণা দিল জাতিসংঘ। আগামী রোববার এ মিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, দেশটির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রক্ষার জন্য পুরো মিশনের পরিবর্তে একটি ছোট কার্যালয় রাখা হবে।নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট গেরার্দ আরোদ বলেন, ‘সিরিয়ায় পর্যবেক্ষণ মিশন পরিচালনা করার শর্তাবলি পুরোপুরি পূরণ হয়নি।’সিরিয়ার সংকট নিরসনে শান্তিদূত কফি আনানের পরিকল্পনা ব্যর্থ হওয়া এবং চলমান সহিংস ঘটনার কারণে পর্যবেক্ষণ মিশন জটিল আকার ধারণ করায় মিশনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।এদিকে, দামেস্কে গত বুধবার পর্যবেক্ষণ মিশনের সদস্যদের হোটেলের কাছেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়ার সহিংস ঘটনায় ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।এসব কারণেই আগামী রোববার মধ্যরাত থেকে পর্যবেক্ষণ মিশনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গেরার্দ আরোদ।