সিরিয়ায় জাতিসংঘের শান্তি মিশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে সে দেশে জাতিসংঘ পর্যবেক্ষক দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশটিতে নিয়োজিত জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড গতকাল শনিবার এ ঘোষণা দেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।রবার্ট মুড এক বিবৃতিতে বলেন, পর্যবেক্ষকেরা সিরিয়ার জনগণের প্রতি দায়বদ্ধ থাকা সত্ত্বেও সহিংসার কারণে তাঁরা আর টহল দিতে পারছেন না। এর আগের দিন তিনি সতর্ক করে বলেছিলেন, সিরিয়ার যেভাবে সহিংসতা বাড়ছে, তাতে সেখানে তাঁদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব।রবার্ট মুড জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতিসংঘ পর্যবেক্ষকেরা সিরিয়ার রাস্তায় আর টহল দেবেন না এবং তাঁরা নিজ নিজ অবস্থান থেকে বাইরেও বের হবেন না।জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন স্থগিত রাখা হলেও সিরিয়া-সংকটের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে জাতিসংঘ এখনো অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জেনারেল রবার্ট মুড।বিশ্লেষকেরা বলছেন, জাতিসংঘ পর্যবেক্ষকদের কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার পর সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে। সিরিয়ায় বর্তমানে জাতিসংঘের প্রায় ৩০০ পর্যবেক্ষক রয়েছেন।