সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩৪
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে জারামানা জেলায় জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৮৩ জন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ওই বোমা হামলায় বিধ্বস্ত গাড়ি ও ক্ষতিগ্রস্ত ভবনের ছবি দেখানো হয়। হামলায় সন্ত্রাসীরা জড়িত বলেও প্রচার করা হয়। সরকারি সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, জারামানার প্রাণকেন্দ্রে বিপুল পরিমাণ বিস্ফোরকভর্তি দুটি গাড়ি উড়িয়ে দেয় সন্ত্রাসীরা। বার্তা সংস্থাটি আরও জানায়, জারামানায় আরও দুটি বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। সরকার-সমর্থক আদ্দুনিয়া টেলিভিশন জানায়, স্থানীয় সময় ছয়টা ৪০ মিনিটে জারমানায় বোমা দুটি বিস্ফোরিত হয়।এর আগে বিদ্রোহী-সমর্থক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওই হামলায় ২৯ জনের নিহত হওয়ার খবর জানায়। বিবিসির খবরে বলা হয়, হামলার দায় স্বীকার করেনি কেউই। এ ছাড়া কোনো সরকারি বা সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, তা-ও তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।